ব্যক্তিজীবনে নতুন অধ্যায় শুরু করলেন কে-পপ তারকা ইজে

বিশ্বজুড়ে পরিচিতি, অস্কারজয়ী গান আর সংগীতের সাফল্যের পর এবার ব্যক্তিজীবনে নতুন অধ্যায় শুরু করলেন কে-পপ তারকা ইজে।

দীর্ঘদিনের প্রেমিক স্যাম কিমের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন এই সংগীতশিল্পী। গত ১৭ অক্টোবর দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে সম্পন্ন হয়েছে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা।

‘কে-পপ ডেমন হান্টার্স’–এর মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক পরিচিতি পান ইজে। এ অ্যানিমেশন চলচ্চিত্রের ‘গোল্ডেন’ গানের জন্য অস্কার জয়ের পরও আলোচনায় ছিলেন তিনি। এবার বিয়ের খবর দিয়ে ভক্তদের মাঝে নতুন করে আগ্রহ তৈরি করেছেন এই তারকা।

সংবাদমাধ্যম ভোগ-এর এক প্রতিবেদন অনুযায়ী, ইজের বিয়ের স্থানটি তার কাছে ছিল বিশেষ স্মৃতিবিজড়িত। ছোটবেলায় এই জায়গাতেই থাকতেন তার দাদা-দাদি। শৈশবের অনেকটা সময় সেখানে কাটিয়েছেন তিনি।

বাড়ির বাগানে ঘুরে বেড়ানো কিংবা পেছনের পাহাড়ে দাদুর সঙ্গে হাঁটাহাঁটির স্মৃতিও জড়িয়ে আছে স্থানটির সঙ্গে। ফলে বিয়ের জন্য এমন একটি জায়গা বেছে নেওয়া তার কাছে ছিল আবেগের বিষয়।

বিয়ের সাজেও কোরীয় ঐতিহ্যকে প্রাধান্য দিয়েছেন ইজে ও স্যাম কিম। দুজনই পরেছিলেন কোরিয়ার ঐতিহ্যবাহী বিয়ের পোশাক ‘হানবক’। কনের সাজে ইজের পরনে ছিল সবুজ ও সোনালি রঙের সূক্ষ্ম কারুকাজ করা হানবক। এর সঙ্গে ছিল গাঢ় লাল রঙের দীর্ঘ ও ঘেরওয়ালা স্কার্ট।

পোশাকটির ওপরের অংশটি ‘ডাঙ্গুই’ নামে পরিচিত, যা ঐতিহ্যবাহী জ্যাকেটধর্মী পোশাক। অন্যদিকে, নিচের দীর্ঘ স্কার্টটির নাম ‘চিমা’। ঐতিহ্যবাহী পোশাকের রং ও নকশায় বিয়ের সাজে ফুটে উঠেছিল কোরীয় সংস্কৃতির স্বতন্ত্র সৌন্দর্য।


আন্তর্জাতিক সংগীতাঙ্গনে সাফল্যের মধ্যেই ইজের জীবনে যুক্ত হলো নতুন এক অধ্যায়। শৈশবের স্মৃতিবিজড়িত স্থানে ঐতিহ্যবাহী সাজে বিয়ে—সব মিলিয়ে তার বিশেষ দিনটি হয়ে উঠেছে ব্যক্তিগত আবেগ ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক অনন্য মেলবন্ধন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *