দিল্লিতে ধ্রুব রাঠীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

ভারতের জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠীর বিরুদ্ধে ২০১৮ সালের একটি মানহানি মামলায় জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন দিল্লির একটি আদালত। শনিবার (১৭ অক্টোবর) মামলার শুনানিতে সমন পৌঁছে দিতে গিয়ে প্রক্রিয়াকর্মী তার বাড়ি তালাবদ্ধ পেয়েছেন বলে জানানোর পর এ আদেশ দেওয়া হয়।

বিচারিক ম্যাজিস্ট্রেট রাহুল জৈন এ পরোয়ানা জারি করেন। বিজেপির তথ্যপ্রযুক্তি সেলের সদস্য বিকাশ পাণ্ডে ধ্রুব রাঠীর বিরুদ্ধে মামলাটি করেছিলেন। নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিওর মাধ্যমে রাঠি মানহানি করেছেন বলে অভিযোগ তার।

আদালতের বিস্তারিত আদেশ এখনো প্রকাশিত হয়নি। পরবর্তী শুনানির জন্য আগামী ৩১ অক্টোবর দিন ধার্য করা হয়েছে।

এর কয়েক দিন আগে, সোমবার (১২ অক্টোবর) ধ্রুব রাঠীর বিরুদ্ধে নতুন করে সমন জারির নির্দেশ দিয়েছিলেন আদালত। তখন আদালত উল্লেখ করেন, অভিযোগকারী কয়েক বছর ধরে রাঠির কাছে সমন পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন।

ওই আদেশে ভারতের হরিয়ানা রাজ্যের গুরুগ্রামে রাঠীর বাসভবনে নতুন করে সমন পাঠানোর নির্দেশ দেওয়া হয়। তবে শনিবার (১৭ অক্টোবর) সমন পৌঁছে দিতে গিয়ে বাড়িটি তালাবদ্ধ পাওয়ার কথা জানান প্রক্রিয়াকর্মী। এরপরই আদালত জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারির সিদ্ধান্ত নেন।

বিকাশ পাণ্ডের পক্ষে আদালতে উপস্থিত ছিলেন আইনজীবী সমক্ষ শর্মা। তিনি আদালতকে জানান, ধ্রুব রাঠীর সাধারণত অস্ট্রিয়ায় বসবাস করেন। তবে দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিতে তিনি ভারতে এসেছিলেন।

আদালত উল্লেখ করেছেন, এ মামলায় ধ্রুব রাঠীর বিরুদ্ধে প্রথম সমন জারি করা হয়েছিল ২০১৯ সালের জুলাইয়ে।

জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার অর্থ এই নয় যে, মামলার অভিযোগ প্রমাণিত হয়েছে। এটি আদালতে হাজিরা নিশ্চিত করার জন্য নেওয়া একটি আইনি পদক্ষেপ। মামলাটির পরবর্তী কার্যক্রম ৩১ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সূত্র: এনডিটিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *