
ইয়েমেনের তাইজ প্রদেশে সম্মুখ লড়াই ও বিমান হামলায় হুতি বিদ্রোহীদের ৩৭৮ জন যোদ্ধা হতাহত হয়েছে বলে দাবি করেছে দেশটির সরকারপন্থি বাহিনী। তাইজ সামরিক কমান্ডের এক বিবৃতির বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সাবা এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, শুক্রবার (১৬ অক্টোবর) তাইজ প্রদেশের আল-মিসরাখ জেলায়, আল-শাকাব এলাকায় এবং তাইজ শহরের আশপাশে হুতিদের অবস্থান ও সমাবেশ লক্ষ্য করে যুদ্ধবিমান থেকে নয়টি বিমান হামলা চালানো হয়েছে।
এসব হামলা ও স্থলসংঘর্ষে হুতি বাহিনীর ১৬৮ জন নিহত এবং ২১০ জন আহত হয়েছেন বলে দাবি করেছে সরকারপন্থি বাহিনী। এছাড়া তাইজের পশ্চিমাঞ্চলীয় রণাঙ্গনেও সংঘর্ষের খবর পাওয়া গেছে। তবে হতাহতের এই দাবি স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
অন্যদিকে হুতি বিদ্রোহীদের গোলাবর্ষণে দুই নারীসহ তিন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। শুক্রবার গভীর রাতে তাইজ প্রদেশের দক্ষিণাঞ্চলীয় সাবির আল-মাওয়াদিম জেলায় এ হামলার ঘটনা ঘটে।
সরকার নিয়ন্ত্রিত অবরোধবিষয়ক দফতরের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। নিহত ব্যক্তিরা হলেন ২৮ বছর বয়সি সাফওয়ান সাঈদ ওবেইদ, ৫৫ বছর বয়সি আবদুলসামাদ সাঈদ আহমেদ এবং সাফিয়া হাজ্জা সাইফ আল-বাআদানি।
বিবৃতিতে আরও বলা হয়, পৃথক গোলাবর্ষণের ঘটনায় পাঁচ বেসামরিক নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে দুই নারী রয়েছেন। তাইজ শহরের দক্ষিণে আল-শাকাব এলাকা এবং পশ্চিমাঞ্চলীয় আকাকা এলাকায় এসব হামলা চালানো হয়।