শীর্ষ বাছাই জভেরেভকে হারিয়ে সেমিতে জোকোভিচ

৩৯ বছর বয়সেও যে নোভাক জোকোভিচের ক্ষুধা কমেনি, চায়না ওপেনে সেটিই আরেকবার প্রমাণ করলেন সার্বিয়ান তারকা। রোববার (৪ অক্টোবর) কোয়ার্টার ফাইনালে শীর্ষ বাছাই আলেক্সান্ডার জভেরেভকে ৪-৬, ৬-৪, ৬-৪ গেমে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন ২৪টি গ্র্যান্ড স্ল্যামের মালিক।


শুরুটা অবশ্য জোকোভিচের পক্ষে ছিল না। ম্যাচের প্রথম গেমেই দুটি ডাবল ফল্ট করে সার্ভিস হারান তিনি। জভেরেভ সেই সুযোগ কাজে লাগিয়ে প্রথম সেট ৬-৪-এ জিতে নেন। তবে দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ান জোকোভিচ। গুরুত্বপূর্ণ সময়ে ব্রেক করে সেটটি ৬-৪-এ জিতে ম্যাচে সমতা ফেরান।


নির্ণায়ক সেটেও দু’জনের লড়াই ছিল জমজমাট। জভেরেভ ১৯টি এস করলেও নিজের সার্ভ ধরে রেখে ৫-৪ ব্যবধানে এগিয়ে যান জোকোভিচ। এরপর জভেরেভের সার্ভিস ভেঙে ম্যাচ শেষ করেন তিনি। লড়াই চলে ২ ঘণ্টা ৩৪ মিনিট।


এই জয়ে টানা ৩২ ম্যাচ অপরাজিত থাকলেন জোকোভিচ। সেমিফাইনালে তার প্রতিপক্ষ দানিল মেদভেদেভ, যিনি ফ্রান্সিসকো সেরুন্দোলোকে ৭-৬, ৬-৩ গেমে হারিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *