সরকারি ব্যাংকে সিনিয়র অফিসার নিয়োগ: ফিন্যান্সিয়াল অ্যান্ড ব্যাংকিং নলেজ প্রস্তুতিতে করণীয়

রাষ্ট্রায়ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ৯ম গ্রেডের সিনিয়র অফিসার পদ প্রথম শ্রেণির কর্মকর্তা হিসেবে বিবেচিত। ৯ম জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুযায়ী, ৯ম গ্রেডের কর্মকর্তাদের বেতন স্কেল ৪৪,০০০-১,০৫,৯০০/- টাকা নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয় রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নিয়োগ কার্যক্রম (এমসিকিউ, লিখিত, ভাইভা) পরিচালনা করে। গত ৫ মে ব্যাংকার্স সিলেকশন কমিটি সিনিয়র অফিসার পদের এমসিকিউ এবং লিখিত পরীক্ষার মাণবণ্টন প্রকাশ করেছে, যেখানে ফিন্যান্সিয়াল অ্যান্ড ব্যাংকিং নলেজের ওপর এমসিকিউ পরীক্ষায় ১০ নম্বর এবং লিখিত পরীক্ষায় ১০ নম্বর নির্ধারণ করা হয়েছে। প্রতিযোগিতামূলক এই পরীক্ষার প্রস্তুতিতে সব বিষয়ে সমান গুরুত্ব দেওয়া উচিত। ফিন্যান্সিয়াল অ্যান্ড ব্যাংকিং নলেজ বিষয়ে ভালো করার জন্য যেসব কৌশল অবলম্বন করা যেতে পারে-

১. ৯ম-১০ম শ্রেণির বোর্ড বই পড়া

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড অনুমোদিত ৯ম-১০ম শ্রেণির ফিন্যান্স ও ব্যাংকিং বোর্ড বই পড়তে হবে। বইয়ে মোট ১৩টি অধ্যায় আছে। উল্লেখযোগ্য টপিকগুলো হলো শেয়ার, বন্ড, ডিবেঞ্চার, অর্থায়নের উৎস, অর্থের সময় মূল্য, ব্যাংকিং ব্যবসা ও তার ধরন, বাণিজ্যিক ব্যাংক, ব্যাংক চেক। এসব বিষয় ভালোভাবে পড়তে হবে।

২. মৌলিক জ্ঞান অর্জন

ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং–সংক্রান্ত বিভিন্ন টার্ম ভাসা–ভাসা না শিখে মৌলিক জ্ঞান অর্জন করা জরুরি। কারণ, ক্যাপিটাল বাজেটিং বা মূলধন আয়–ব্যয় প্রাক্কলন কিংবা কস্ট অব ক্যাপিটাল বা মূলধন ব্যয় নিরূপণ–সংক্রান্ত গাণিতিক বিষয় যদি আপনি মুখস্থ করে প্রস্তুতি নেন তবে ইন্টারেস্ট রেট বা কম্পাউন্ডিংয়ের ধরন পরিবর্তন হলে এ–জাতীয় গাণিতিক সমস্যা সমাধান করা আপনার জন্য কঠিন হবে। ব্যাংকে যদিও বিভিন্ন শ্রেণির গ্র্যাজুয়েটরা পরীক্ষা দিয়ে থাকে। যেমন সাইন্স ব্যাকগ্রাউন্ড, আর্টস ব্যাকগ্রাউন্ড, কমার্স ব্যাকগ্রাউন্ড, ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড। তথাপি দুই থেকে তিন মাস নিয়মিত পড়াশোনা করলে আপনি বিজনেস গ্র্যাজুয়েট না হওয়া সত্ত্বেও ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিষয়ে মৌলিক জ্ঞান অর্জন করতে পারবেন।

৩. উচ্চমাধ্যমিক ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা বই পড়া

এনসিটিবি অনুমোদিত বিভিন্ন লেখকের উচ্চমাধ্যমিক ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা বই থেকে প্রস্তুতি নেওয়া যেতে পারে। উচ্চমাধ্যমিক বই থেকে এমসিকিউ এবং লিখিত দুই ধরনের প্রশ্ন সম্পর্কে আপনি ধারণা নিতে পারবেন।

৪. বিগত বছরের প্রশ্ন সমাধান করা

ব্যাংক নিয়োগ পরীক্ষায় যদিও আগে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং নলেজ নামে কোনো আলাদা বিষয় ছিল না; কিন্তু সাধারণ জ্ঞানের আওতায় ব্যাংকিং নলেজ থেকে প্রশ্ন আসত। ব্যাংক হিসাব, মনিটারি পলিসি, ফিসক্যাল পলিসি, কেন্দ্রীয় ব্যাংক, ব্যাংক নোট, এমআইসিআর চেক, বিইএফটিএন, আরটিজিএস, বিশ্বব্যাংক, আইএমএফ, ডব্লিউটিও ইত্যাদি সম্পর্কে এর আগে সম্পাদিত নিয়োগ পরীক্ষায় নিয়মিত প্রশ্ন আসত। ভালো প্রস্তুতি নেওয়ার জন্য এসব প্রশ্ন সংগ্রহ করে অনুশীলন

লেখক

৫. অর্থ ও বাণিজ্যের সাম্প্রতিক ডাটা সংগ্রহে রাখা

আইএমএফের সদস্য সংখ্যা, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলন কোনো দেশে অনুষ্ঠিত হবে, অর্থনৈতিক স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থান কত, বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা রিজার্ভ বর্তমানে কত ডলার, দেশে তফসিলি ব্যাংকের সংখ্যা বর্তমানে কতটি, সিআরআর কত পারসেন্ট, এসএলআর কত পারসেন্ট ইত্যাদি তথ্য সম্পর্কে আপডেট থাকতে হবে। প্রয়োজনে আপনি দৈনিক পত্রিকার অর্থ ও বাণিজ্য পাতা থেকেও এসব তথ্য সংগ্রহ করতে পারবেন।

  • লেখক: রাজীব খান, সিনিয়র অফিসার, বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন, ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষা দুটি পর্ব (জেএআইবিবি, এআইবিবি) উত্তীর্ণ। বিবিএ, এমবিএ, (ফিন্যান্স বিভাগ), ঢাকা বিশ্ববিদ্যালয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *